জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। এখন এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেদ্দায় বিভিন্ন দেশের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে এসব দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব বৈঠকে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ–পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ এলখরেইজি, তুরস্কের উপ–পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও নির্বাহী বৈঠকের চেয়ারম্যান সেরিং মদু এনজির সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশগ্রহণকারী নেতারা বাংলাদেশে নির্বাচনে বিএনপির বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করবে।
নেতারা ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থানের প্রশংসা করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠকে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগির বাংলাদেশ সফরের প্রত্যাশা করছেন।