
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানানো হয়।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’–এ অংশ নেন সেনাপ্রধান। এ সময় তিনি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সঙ্গে শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (আউসা) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’–এ অংশ নেন।
সফরকালে সেনাপ্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও United States Army Pacific (USARPAC)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।
এসএ





