২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬–এর লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন উইঙ্গার রাফিনিয়া।
গত ২০ জুন হাইতি‘র বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে চোটে পড়েছিলেন রাফিনিয়া। ম্যাচের ৪০ মিনিটে ডান উরুতে অস্বস্তি বোধ করলে মাঠ ছাড়েন। চোট কাটিয়ে উঠতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে দিনে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান রাফিনিয়া।
মেটলাইফ স্টেডিয়ামে রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে নরওয়ে–ব্রাজিল। ম্যাচের আগে মেটলাইফ স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া‘র শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। ও হয়তো এখনো শতভাগ ফিট নয়, তবে ও কিছু সময়ের জন্য মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে।’
কয়েক দিন আগেও যেখানে রাফিনহার এই ম্যাচে ফেরাটা অসম্ভব মনে হচ্ছিল, সেখানে তার এই প্রত্যাবর্তন সবাইকে অবাক করেছে। ধারণা করা হচ্ছে, ম্যাচের শুরুতে রাফিনিয়া সাইডবেঞ্চে থাকবেন। তবে ম্যাচের গতি পরিবর্তন করতে এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে বদলি হিসেবে তিনি হতে পারেন ব্রাজিলের প্রধান অস্ত্র।
আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন নরওয়ে ম্যাচে রাফিনিয়া, এন্ড্রিক, নেইমার জুনিয়র এবং মার্টিনেল্লির মতো ফুটবলাররা ম্যাচের ভাগ্য নির্ধারণে যেকোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ব্রাজিল কোচ বলেন, ‘ম্যাচ কেবল ৯০ মিনিটেই শেষ হয়ে যায় না। খেলা অতিরিক্ত সময়েও গড়াতে পারে।’
সূত্র: টি–স্পোর্টস
এসএ