তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে উত্তরাঞ্চলের সঙ্গে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে।

জানা যায়, শনিবার (২২ আগস্ট) সকাল ৯ টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির চাকার কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। ফলে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

আকস্মিক এই দুর্ঘটনার কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।

ঘটনার পরপরই উদ্ধারের জন্য খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটিকে জয়পুরহাট রেল স্টেশনে সরিয়ে নিয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১২টা থেকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More