সূর্যের প্রখর তাপ ও গরম বাতাসে হাসফাঁস জনজীবন। চুয়াডাঙ্গায় জেলায় আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ছুটির দিনে জেলাটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।
তিনি বলেন, এটা আমাদের বিকাল ৩টার রেকর্ড। রাজশাহী, খুলনা বিভাগসহ আরও ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৫টি জেলাও রয়েছে। সন্ধ্যা ৬টায় আমাদের প্রতিটি স্টেশনে আবার তাপমাত্রা মাপা হবে। তাপমাত্রা বাড়লে সেটা আমাদের সন্ধ্যা ৭টার বিজ্ঞপ্তিতে জানানো হবে।
তীব্র রোদে শ্রমিক, দিনমজুর, ভ্যান–রিকশাচালক এবং কৃষকদের কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শহিদুল ইসলাম নামে এক ভ্যানচালক বলেন, দুপুরের দিকে রাস্তায় বের হওয়াই কষ্টকর। গরমে যাত্রীও কম, শরীর একেবারে দুর্বল হয়ে যাচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি বলেন, অফিসে যেতে–আসতে খুব কষ্ট হচ্ছে। রাস্তায় বের হলেই মনে হয় শরীর পুড়ে যাচ্ছে। এমন গরমে স্বাভাবিক কাজ করাও কঠিন হয়ে পড়েছে।
এসএ