নাগরিক সেবা সহজতর করা, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৯টি নতুন অ্যাপ ও সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এসব ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত হবে এবং পুলিশ আরও জনবান্ধব হয়ে উঠবে। আধুনিক এই সফটওয়্যারের ব্যবহারে অপরাধও উল্লেখযোগ্য হারে কমবে।‘
উদ্বোধন হওয়া প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো— এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারী শনাক্ত করবে। এছাড়া রয়েছে হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, অনলাইন ট্রেনিং সিস্টেম, রেসিডেন্স অ্যালোকেশন, লিভ ম্যানেজমেন্ট, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন, এমপ্লয়ি পারফর্মেন্স ইভ্যালুয়েশন এবং ট্রাফিক নিউজ আর্কাইভ।
অনুষ্ঠানে জানানো হয়, ‘হ্যালো ডিএমপি‘ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং সেবার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার হোসেন জানান, অপরাধ দমনে পুরো ঢাকাকে ১১ হাজার সিসি ক্যামেরার আওতায় এনে মনিটরিং করা হবে। পাশাপাশি নগরীর ভাড়াটিয়াদের তথ্যও দ্রুত ডিজিটালাইজড করা হচ্ছে।