নীলফামারীর জলঢাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় বিথী আক্তার (৫) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার মীরগঞ্জের পাঠানপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিথী আক্তার মীরগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাবুল হোসেনের মেয়ে ও ব্র্যাক পরিচালিত একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালে স্কুলে ক্লাস শেষ করে বিথী আক্তার বাড়ির দিকে যাচ্ছিলো। এসময়ে সে মীরগঞ্জ পাঠানপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এ সময়ে সে ছিটকে পরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামুনার রশিদ/এজে/দীপ্ত সংবাদ