বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ গঠনে আহ্বায়ক কমিটি ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের টেলিভিশন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, সম্পাদনার স্বাধীনতা, নৈতিক সাংবাদিকতা ও সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠতা বজায় রাখার প্রত্যয়ে “টেলিভিশন এডিটরস কাউন্সিল” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

টেলিভিশন সাংবাদিকদের সম্পাদনার স্বাধীনতা ও পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া সদস্য হিসেবে আছেন, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইনের নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।

সভায় দেশের ২৪টি টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের লক্ষ্যউদ্দেশ্য উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে গঠন করা হয় “টেলিভিশন এডিটরস কাউন্সিল” এর আহ্বায়ক কমিটি।

এসময় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় নেতৃত্বের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, টেলিভিশন এডিটরস কাউন্সিল পেশাগত উৎকর্ষ, সাংবাদিকতার নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। আহ্বায়ক কমিটি জানায়, শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More