২০১৮ সালের পর দেশে হামের টিকা দেয়া হয়নি। গত ৮ বছর দেশে হামের টিকার বড় কোনো ক্যাম্পেইনও হয়নি ফলে যেসব শিশু টিকা আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে, তাদের হামের প্রকোপ বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘আমরা ইতোমধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। ভ্যাকসিন কেনার জন্য পারচেজ কমিটি অনুমোদন দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স কমিটিতেও এটি পাস হয়েছে।’
তিনি বলেন, ‘হামের ভ্যাকসিন আনতে আমরা দ্রুত কাজ করছি। টিকা আসার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত জনগণকে টিকা দেওয়ার ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, ‘আমরা বর্তমানে হামের একটি তীব্র আক্রমণের মুখোমুখি। হঠাৎ করে কেন এটি বেড়ে গেল, সেটাও বুঝতে হবে। গত এক দশকের বেশি সময় ধরে নিয়মিত ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। ২০১৮ সালে একটি ক্যাম্পেইন হয়েছিল, যা প্রতি ৪ বছর পরপর হওয়ার কথা। কিন্তু ২০১৮ সালের পর আর কোনো ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকা পায়নি, তাদের মধ্যেই এখন হাম বেশি ছড়াচ্ছে এবং মারাত্মক আকার ধারণ করছে।’
সরদার মো. সাখাওয়াত জানান, ‘ঢাকা, রাজশাহী এবং মানিকগঞ্জ জেলায় ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে।’
এসএ