ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সারাদেশে ৮ হাজার ৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স—এই ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। এছাড়াও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।
তিনি বলেন, এবার নিরাপত্তার রক্ষার্থে প্রযুক্তি ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্র করে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত আর ৬০৩ জন আহত হয়েছেন ।
নির্বাচন কেন্দ্র করে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলেও সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণার পর ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা দিয়েছেন মালিকরা।তবে নির্বাচন কেন্দ্র করে যেকোনো অস্ত্রই থ্রেট। বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। সেজন্য মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএ