দীপ্ত নিউজ
জাতীয়

জুলাই-সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে: গভর্নর

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
জুলাই-সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামবে: গভর্নর

আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মূল‌্যস্ফী‌তি ৭ শতাংশ নেমে আসবে বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (৩ জুন) রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর তার এ প্রত্যাশার কথা জানান।

গভর্নর বলেন, আমাদের দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। তার মধ্যে, একটি মূল্যস্ফীতি আর অন্যটি মুদ্রা বাজার। এখন মূল্যস্ফীতি কমতে শুরু করেছে আবার বিনিময় হারও স্থিতিশীল। আগামী আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে। তখন সুদহারও কমানো হবে।

তিনি আরও বলেন, মূল‌্যস্ফী‌তির বড় চ্যালেঞ্জ ছিল এক্সচেঞ্জ রেট। এটা কমাতে না পারলে জিনিসপত্রের দাম বাড়ত। এখন এটা স্বস্তিতে এসেছে। এক্সচেঞ্জ রেট বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও তেমন পরিবর্তন হয়নি। এতে করে আস্থা এসেছে, মূল‌্যস্ফী‌তি একটি ভালো জায়গায় যাচ্ছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ ছিল, এখন তা নেমে সাড়ে ৮ শতাংশে এসেছে। যদিও খাদ্যবহির্ভূত (নন ফুড) মূল্যস্ফীতি একটু বেশি আছে। তবে এটিও কমছে, সাড়ে ১১ শতাংশ থেকে কমে সোয়া ৯ শতাংশে এসেছে। অন্যদিকে বিশ্ববাজারে খাদ্য, তেল–গ্যাসের দর কমছে। কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি করেছে। আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করছি।

সংবাদ স‌ম্মেল‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা ও প‌রিকল্পনা উপ‌দেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি সড়ক সেতু ও রেলপথ উপ‌দেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য, বিমান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, এন‌বিআর চেয়ারম‌্যান মো. আবদুর রহমান খানসহ বি‌ভিন্ন আর্থিক খা‌তের প্রধানরা।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।