সোমবার, জুন ৮, ২০২৬
সোমবার, জুন ৮, ২০২৬

কুড়িগ্রামের বজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে তরুণ মুখ মেহেদী হাসান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১০নং বজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মেহেদী হাসান। তরুণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব উন্নয়ন ও জনসেবার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে গণসংযোগ ও প্রচার কার্যক্রম শুরু করেছেন।

জানা গেছে, দীর্ঘ প্রায় আট বছর ধরে সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিভিন্নভাবে কাজ করে আসছেন মেহেদী হাসান। মানবিক সহায়তা প্রদান, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়দের মধ্যে তিনি পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পূর্বের তুলনায় আরও বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়াতে চাই।”

তিনি আরও বলেন, “রাজনীতি মানে অনিয়ম, পেশিশক্তি কিংবা লুটপাট নয়। আমি মানুষের সেবা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এই পথ বেছে নিয়েছি। আল্লাহ সুযোগ দিলে জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে শতভাগ আন্তরিকতা ও সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তরুণ নেতৃত্ব হিসেবে মেহেদী হাসানের অংশগ্রহণ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রার্থিতা ভোটারদের মধ্যে আগ্রহের জন্ম দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More