দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

চিপস ও সিগারেট বাকি দিতে অস্বীকৃতি; দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
চিপস ও সিগারেট বাকি দিতে অস্বীকৃতি; দোকানিকে ছুরিকাঘাতে হত্যা
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল

মুন্সীগঞ্জে চিপস ও সিগারেট বাকি দিতে অস্বীকৃতি জানানোয় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে রাতেই আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবেল মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই বলে জানা গেছে।

নিহত মোশারফ মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গতকাল রাতেও নিহত মোশারফ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে অভিযুক্ত রুবেল তাকে ডেকে তুলে চিপস ও সিগারেট বাকি চায়। সে দিতে অস্বীকৃতি জানালে কথা–কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত রুবেল তাকে দোকান থেকে টেনে–হিঁচড়ে বের করে এনে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরিকাঘাত রয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, চিপস ও সিগারেট বাকি না দেওয়ায় কথা–কাটাকাটি এক পর্যায়ে মোশারফকে ছুরিকাঘাতে হত্যা করে অভিযুক্ত রুবেল। রাতেই তাকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

হামিদ /আল/ দীপ্ত সংবাদ