শনিবার, মে ৩০, ২০২৬
শনিবার, মে ৩০, ২০২৬

চামড়ার দাম আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল: প্রাণিসম্পদ মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন প্রাণিসম্পদ মোহাম্মদ আমিন উর রশিদ।

চামড়ার দাম দেশের চাহিদার উপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (৩০ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের হয়ে থাকে।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বিশ্বব্যাপী অনেকেই চামড়াজাত পণ্যের পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছেন। এর প্রভাব আন্তর্জাতিক চামড়ার বাজারেও পড়ছে।

তিনি আরও বলেন, বিশ্ব একটি পরিবারের মতো। পৃথিবীর কোথাও কোনো অর্থনৈতিক সংকট দেখা দিলে তার প্রভাব অন্য দেশগুলোর ওপরও পড়ে। আমরা যে চামড়া উৎপাদন করি তার একটি বড় অংশ রপ্তানি হয়। ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে গেলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্প টেকসই করতে হলে আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক ইউছুফ মোল্লাসহ জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More