দীর্ঘ প্রায় দুই দশক পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে সফরসঙ্গীদের নিয়ে তিনি চাঁদপুরের উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম চাঁদপুর সফর।
সফরসূচি অনুযায়ী, চাঁদপুর যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে ‘খোর্দ্দ খাল পুনঃখনন’ এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের মোড়ের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল পুনঃখনন’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি ও সংক্ষিপ্ত বিরতি শেষে বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সরকার প্রধান। সেখান থেকে তিনি ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। সফরের শেষভাগে বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গ–সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে তার ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে চাঁদপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, মেঘনাপাড়ের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও জেলায় একটি ইপিজেড স্থাপন চাঁদপুরবাসীর প্রধান দাবি। চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হাসান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুদুসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।