অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে তিনি এ আদেশ দেন। এর আগে তাদের জিজ্ঞাসাবাদ করতে সাতদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল।
এর আগে আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৬৩ বিদেশি নাগরিককে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা–পুলিশ। তাদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক ছিলেন। তাদের হেফাজত থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করে। গত শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট জমা রাখার অভিযোগে মোহাম্মদ মহসিন নামের এক ব্যক্তিকে গত শনিবার গ্রেপ্তার করে পুলিশ।
Tap here to add Deepto News as a trusted source
পুলিশ জানায়, কিছুদিন আগে মহসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। পরে চালানটি ফেরত আসে। ওই কোকেনের তথ্য অনুসন্ধান করতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পায় পুলিশ।