ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন কৌশলগত শহরে আকস্মিক ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে পরিচালিত এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের অত্যন্ত নিকটবর্তী এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা নিশ্চিত করেছে।
ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে ‘নিরাপদ স্থানে’ স্থানান্তর করা হয়েছে।
এদিকে ইরানে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল। সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদেশে থাকা যাত্রীদের আকাশসীমা পুনরায় চালু হওয়ার পরে ফ্লাইটের সময়সূচি সম্পর্কে মিডিয়া এবং তাদের বিমান সংস্থার মাধ্যমে আপডেট থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।