চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনার শেষ নেই। আগামী রবিবার আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে ফাইনালে। আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে ২–১ ব্যবধানে হেরে আরও একবার ভেঙেছে ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন। বিদায় নিয়েছে ফ্রান্সও।
তবে দু‘দলের এবারের বিশ্বকাপ মিশন এখনই শেষ হয়ে যাচ্ছে না। বিদায়ের ধাক্কা সামলে এবার মাঠে নামতে হচ্ছে সান্ত্বনার ‘তৃতীয় স্থান নির্ধারণী’ ম্যাচে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি অবশ্য কোনো দলই খুব একটা খুশি মনে খেলতে নামছে না।
কেন খেলা হয় এই ম্যাচ?
এককথায় উত্তর দিলে—এর মূল কারণ বাণিজ্যিক ও আর্থিক মুনাফা। ফিফার জন্য এই ম্যাচ মানেই টিকিট বিক্রি থেকে অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ। পাশাপাশি টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেলগুলোও এই ম্যাচ দেখিয়ে বিজ্ঞাপন থেকে বিশাল অঙ্কের টাকা আয় করতে পারে। তবে শুধু ব্যবসাই নয়, বিশ্ব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও এই ম্যাচের পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। একই সঙ্গে সেমিফাইনালে হেরে ভেঙে পড়া ফুটবলারদের জন্য টুর্নামেন্টটা অন্তত একটা জয় দিয়ে শেষ করে কিছুটা সান্ত্বনা ও আত্মসম্মান ফিরে পাওয়ার সুযোগ এনে দেয় এই ম্যাচ।