দীপ্ত নিউজ
অর্থনীতি

কমলো সোনার দাম, ভরি কত?

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
কমলো সোনার দাম, ভরি কত?
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯ টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে দুই লাখ ২৬ হাজার ৩৪০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৩৪১ টাকা কমিয়ে এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় তিন হাজার ২৬৬ টাকা। এই দাম বাড়ানোর নয় দিন পর আবারও দাম কমানো হলো। এতে দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমলো চার হাজার ৯৫৭ টাকা।

এছাড়া, স্বর্ণের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৫০৮ টাকায় বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণের অলংকারের ক্ষেত্রে ৫ শতাংশ এবং রুপার অলংকারের ক্ষেত্রে ৬ শতাংশ ভ্যাট ছাড় দেওয়ার বিধান উল্লেখ করা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।