
কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ৬

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ আরও ৯ জন হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়া উপজেলার মেরিনড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
মৃতরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে। আসন্ন পূজার পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের ভিড় আরও বাড়তে পারে।





