ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।
তিনি জানান, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে–স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার কোনো তথ্য দেননি। তাই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। ওইদিন দুপুর ১২টার মধ্যে মনিরা শারমিন প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।
জানা গেছে, জামায়াত জোটের শরিক এনসিপির এই নেত্রী ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন। আর ২০২৫ সালে রাজনীতিতে নাম লিখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
এক্ষেত্রে জামায়াত জোটের ১৩ জনের মধ্যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই। এতে জামায়াত জোটের জন্য বরাদ্দ ১৩টি আসনের মধ্যে একটি কমে যেতে পারে।