প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আপত্তিকর পোস্ট‘ দেয়ার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীর‘কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে রাজধানীর পূর্ব মনিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও মামলার নথি অনুযায়ী, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর।
ফেসবুকে পোস্টটি ব্যাপক সমালোচনার জন্ম দিলে তানভীর সেটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ৩ আগস্ট বগুড়া সদর থানায় ‘সাইবার সুরক্ষা আইনে‘ মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
মামলার বাদী মাফতুন আহমেদ খান রুবেল বলেন, উক্ত পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবমাননা করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের অবগতির পর সিদ্ধান্ত নিয়ে রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এসএ