রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন।

ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতা ও হৃদরোগের সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। আজ দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯৩৩ সালে জন্ম নেয়া আশা ভোঁসলে মাত্র ৯ বছর বয়স থেকে পেশাদার গান গাওয়া শুরু করেন। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে হাজার হাজার গান গেয়েছেন তিনি। বড় বোন লতা মঙ্গেশকরের পাশাপাশি নিজস্ব গায়কি দিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। বিশেষ করে চটুল গান থেকে শুরু করে ধ্রুপদী গজল—সবক্ষেত্রেই তাঁর বিচরণ ছিল বিস্ময়কর।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ এবং ‘পদ্মবিভূষণ’ উপাধিতে ভূষিত করেছে। তার প্রয়াণে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: আনন্দবাজার ডট কম

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More