মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদক টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় কুষ্টিয়া৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ জারি করেন।

এর আগে, উক্ত মামলার প্রেক্ষিতে ২ এপ্রিল আদালত আমির হামজাকে তলব করে সমন জারি করেছিলেন। গত ১৯ এপ্রিল তাকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি উপস্থিত হননি। বিবাদী অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন।

সেই বক্তব্য ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা। পরে তার বিরুদ্ধে একাধিক মানহানি মামলা করা হয়।

প্রসঙ্গত, মুফতি আমির হামজা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী হিসেবে কুষ্টিয়া(সদর) আসন থেকে নির্বাচিত হন। চলতি সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এটিই প্রথম ঘটনা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More