দীপ্ত নিউজ
জাতীয়

আন্দোলনকারীদের এক মাস ধৈর্য ধরার আহ্বান সুমনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আন্দোলনকারীদের এক মাস ধৈর্য ধরার আহ্বান সুমনের

কোটা আন্দোলন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাই কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগকে আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোটা সংষ্কার আন্দোলন যেহেতু উচ্চ আদালতের মিমাংসার জন্য রয়েছে তাই আর একটা মাস অপেক্ষা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ইস্যুতে নিজেদের মুখোমুখি না ভেবে সংযত আচরণ করতে আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানান তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। আমি সাবেক একজন ছাত্রলীগ কর্মী হিসেবে বলবো, ছাত্রলীগ এ আন্দোলনে আরও সহনশীল ও ধৈর্যের পরিচয় দেবে।

একই সঙ্গে আন্দোলনকারীদের আর একটা মাস ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে সুমন বলেন, তোমরা আর একটা মাস অপেক্ষা কর। হাইকোর্ট ইতোমধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বিষয়টি এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তির অপেক্ষায়। আর একমাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত নিষ্পতি হবে। এ সময়টুকু তোমরা অপেক্ষা কর। এরপর যদি তোমাদের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আন্দোলন কর। এখন আন্দোলন করে তোমাদের সুন্দর ভবিষৎ নষ্ট করো না।

সুপ্তি/ দীপ্ত সংবাদ