আদানির বন্ধ ইউনিট চালু, ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ঝাড়খণ্ড অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ ফের সচল হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ঝাড়খণ্ড অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট২ ফের সচল হয়েছে। ফলে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ইউনিটটি পুনরায় চালুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট এবং ১ নম্বর ইউনিট থেকে ৭৫৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

অন্যদিকে এক বার্তায় আদানি পাওয়ার জানায়, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিট সকাল ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি প্রস্তুত করা সম্ভব হয়েছে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ফিড ইউনিটে কারিগরি ত্রুটির কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট রয়েছে। সেগুলো থেকে ৮০০ মেগাওয়াট করে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে আদানি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More