দীপ্ত নিউজ
ক্যাম্পাস

অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চলমান তীব্র তাপপ্রবাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে শতভাগ অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নিলে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাবিতে বর্তমানে প্রচলিত ১০ শতাংশের পরিবর্তে শতভাগ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে।

এ ছাড়া কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে বের হতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে ৫টি নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

পরামর্শগুলো হলো:

১. সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।

২. যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।

৩. বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।

৪. বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন– খাবার স্যালাইন ইত্যাদি পান করা।

৫. তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন– চা ও কফি পান থেকে বিরত থাকা।

উল্লেখ্য এর আগে, তীব্র গরমের কারণে ২৮ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর প্রচন্ড গরমের কারণে গতকাল শনিবার (২০ এপ্রিল) মাধ্যমিক স্কুল ও কলেজের পর বন্ধ করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ক্লাস।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।