দীপ্ত নিউজ
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, ২৬ নারীসহ আটক ৮৪

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, ২৬ নারীসহ আটক ৮৪
ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট–২) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং–১ এলাকার তিনতলা বাড়িটিতে অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গাঁজা, ইয়াবা, মদ, কনডম ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।

এ ঘটনার পর বিকালে অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট–২ শাখা থেকে প্রত্যাহার করে ওএসডি করার আদেশ জারি করা হয়েছে। তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ–তরুণীরা অনলাইনে ভাড়া বুকিং করে এসব পার্টিতে অংশ নিতেন। পার্টি থেকে আয়ের বড় একটি অংশ পান অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির তার স্টাফরা।

তিনি বলেন, ওখানে একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কো–হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

তবে বাড়ির মালিক আব্দুল্লাহ আল জহিরের দাবি, বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ছিল। জন্মদিনের অনুষ্ঠান ও গায়ে হলুদের মতো আয়োজনের জন্য বাড়ির উঠান ভাড়া দেওয়া হতো। সেখানে মাদক রাখা ও অবৈধ কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল বলেও দাবি করেন তিনি।

এছাড়া, ভাড়া দেওয়া বাড়িতে গোপনে অপরাধমূলক কর্মকাণ্ড চললে তার দায় বাড়ির মালিকের ওপর বর্তানো উচিত কি না, সে প্রশ্নও তুলেছেন এই পুলিশ কর্মকর্তা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।