ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজার এলাকার আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ৩ শর্তে পুনর্বহাল করেছে সরকার।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। তদন্ত কমিটি পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিলে তা সন্তোষজনক বিবেচিত হওয়ায় ৩টি শর্তে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো।
শর্তগুলো হলো–
১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’–এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে;
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং
৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। ফ্যাক্ট: আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেলো।’
এর আগে, গত ১১ জুন এক চিঠিতে আদ্–দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এসএ