সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে এই রোগে সন্দেহজনকভাবে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যু না থাকলেও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৪ জন প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: হামে আক্রান্ত শিশুর যত্নে জরুরি কিছু পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। এছাড়া একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৩ জন। গত ১৫ দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে প্রাণ হারিয়েছেন আরও ২৭ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চিকিৎসা নিয়ে মোট ১ হাজার ৯৩০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।