নির্বাচনী ইশতিহারের ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত জনবল এবং শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার।
গত মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন–৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন–সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদফতর, সংস্থা ও বিভাগে কর্মরত কর্মকর্তা–কর্মচারী এবং শূন্য পদের পদভিত্তিক তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থাকে আগামী ৯ জুলাই ২০২৬–এর মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন–৩ শাখায় হার্ড কপি এবং নির্ধারিত ই–মেইল ঠিকানায় সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সব দফতর ও সংস্থাকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের হালনাগাদ চিত্র প্রস্তুত করা হবে, যা নির্বাচন–সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করা হবে। সূত্র: বাসস।