
হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭টি শিশু।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম–বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, ময়মনসিংহ একজন ও বরিশালে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৭৭টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৯৯। এই সময়ে ১ হাজার ২১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৬টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।





