দীপ্ত নিউজ
প্রবাস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ফরিদুল ইসলাম
ফরিদুল ইসলাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান।

নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে। অন্যদের মধ্যে রয়েছেন কোম্পানিটির ফর্কলিফট অপারেটর ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সি মেয়ে।

কনস্যুলেট সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এদিকে একসঙ্গে সাত বাংলাদেশির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দেশে নিহতদের পরিবার–স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।