সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকার পান্থপথে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কয়েকশ মুসল্লি। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ‘-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এই আগাম ঈদের জামাতের আয়োজন করা হয়।
জামাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সামুরাই কনভেনশন সেন্টারে এসে জড়ো হতে শুরু করেন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও সেখানে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়।
নামাজ শেষে খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে অনেকেই আজই পশু কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং বৈশ্বিক চাঁদ দেখার ওপর ভিত্তি করে তারা প্রতিবছর বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করে আসছেন। ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে সাধারণত একদিন পর ঈদ উদযাপিত হলেও, সুন্নাহর সঠিক অনুসরণের তাগিদ থেকেই এই জামাতের আয়োজন করা হয়েছে এবং দিন দিন এতে অংশগ্রহণকারী মুসল্লিদের সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, প্রতিবছরই দেশের শরীয়তপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন জেলার কয়েকশ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা মহানগরীর বুকেও এই বিশেষ জামাত নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।