দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক

সিলেটের নাজিরবাজারে ট্রাকের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত আরও ১০ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (৭ জুন) ভোরে ঢাকা–সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট জেলা ফায়ার সার্ভিসের বিভাগীয় প্রধান মনিরুজ্জামান তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘আমরা ১১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। আহতাবস্থায় আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আমরা আসার আগে স্থানীয়রা ৭–৮ জনকে হাসপাতালে পাঠিয়েছেন।’

এর মধ্যে পথে একজনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা জানান, সকালে সিলেট থেকে ২০ থেকে ২২ শ্রমিককে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। নাজিরবাজার এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১১ শ্রমিক।

তিনি আরও জানান, আহত ১৪ জনকে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। বাকিদের ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে আহতাবস্থায় ট্রাকচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর নাজিরবাজারের দুদিকে সিলেট–ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টা পর সকাল ৭টা ৫০ মিনিটের দিকে সিলেট–ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আফ/দীপ্ত নিউজ