অনুমোদিত সীমার বাইরে ‘গোপন গুদামে‘ শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’–এর ৪টি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–১ (এসআরবি–১)-এর যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রাথমিকভাবে ‘গুরুতর অসঙ্গতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউজগুলো সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা মাত্র ২টি। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তারা অনুমোদিত সীমার বাইরে গিয়ে মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত করে রেখেছিল। মূলত অনুমোদিত পরিসরের বাইরে গিয়ে অতিরিক্ত আরও দুইটি অননুমোদিত ওয়্যারহাউসে আইনবহির্ভূতভাবে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।
বিশেষ করে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত (ডিউটি–ফ্রি/বন্ডেড) পণ্য যেন অননুমোদিত স্থান থেকে স্থানান্তর বা অপসারণ করা না যায় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব হয়– সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউস সিলগালা করার সিদ্ধান্ত নেয়া হয়।
গোয়েন্দা সূত্র জানায়, টস বন্ড মূলত বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহের লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত মদ খোলাবাজারে বিক্রির অভিযোগ খতিয়ে দেখছিল এনবিআর।
এসএ