শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জনসহ ১৬ জন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ বহিষ্কৃত সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক হক এ আদেশ দেন। রাজধানী শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন– মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

এদিন, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানা উপ–পরিদর্শক তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিন বিরোধিতা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আবদুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমানসহ অন্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম।

সভায় প্রথমে বক্তব্য দেন শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পাঁয়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত–শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে।’

শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন।

এ সময় তাঁরা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘জুলাইয়ের যোদ্ধারা, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন।

দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপি একটি দল এলে তাঁরা লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে পুলিশ ভ্যানে তুলে দেন।

‘গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিদের অবরুদ্ধ করে পুলিশ ভ্যানে তুলে দেওয়ার‘ কারণ জানতে চাইলে আল আমিন রাসেল নামে একজন বলেন, ‘আমরা জুলাই যোদ্ধা। এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না।’

 

এসএ