সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাজেক যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ নামে দুটি সংগঠন।

রাঙামাটি জেলার প্রধান পর্যটনকেন্দ্র সাজেক যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ নামে দুটি সংগঠন।

শনিবার (১০ অক্টোবর) বিকালে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠন দুটি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়সীমা আজ শনিবার দুপুর ১২টায় শেষ হলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সাজেক সড়কে অবরোধের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জনসংহতি সমিতি (জেএসএস) নামে একটি সন্ত্রাসী দল সশস্ত্র তৎপরতার মাধ্যমে সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে। তারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সাজেকবাসীর সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে তারা এ অবরোধ কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন।

সংগঠন দুটির দাবি, সাজেক থেকে জেএসএস–সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে না নেয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শনিবার সকাল ও বিকালের স্কর্টে নিয়ম অনুযায়ী পর্যটকরা সাজেক ত্যাগ করেছেন এবং নতুন পর্যটকরাও এসেছেন। বর্তমানে সাজেকে বেশ কিছু পর্যটক অবস্থান করছেন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘জেএসএস নামধারী সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘পর্যটকরা যাতে নিরাপদে সাজেক ত্যাগ করতে পারেন, সেজন্য আমাদের ঘোষিত ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পরও অতিরিক্ত ১৮ ঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হয়েছিল। এরপরও শনিবার যারা নতুন করে সাজেকে গেছেন, তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এর ফলে পর্যটকরা কোনো ভোগান্তিতে পড়লে তার দায় পর্যটক ও প্রশাসনের, আমরা তো আগেই পর্যাপ্ত সময় দিয়েছিলাম।’

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত ১ মাস ধরে পাহাড়ের দুটি সশস্ত্র সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘঠছে। গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গুলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, সাজেক যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টিকালের জন্য অবরোধ দেয়া হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More