সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বর্তমান সরকারের ১০০ দিনের কাজে অগ্রগতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।

বর্তমান সরকারের ১০০ দিনের কাজে অগ্রগতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন।

সোমবার (২৫ মে) বর্তমান সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অগ্রগতি তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রীসভা ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত, অর্থাৎ প্রায় ৬২ শতাংশ, ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রীসভায় গৃহীত সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ কার্যকর করতে সক্ষম হওয়া সরকারের দ্রুততা, কার্যকারিতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে এবং জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। দেশের আকাশসীমা, ভূখণ্ড ও সমুদ্রসীমা সার্বিক সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক সরকার দৃঢ়, আপসহীন ও সাহসী অবস্থান গ্রহণ করেছে। অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার৪০০’ রাডার এখন ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং সীমান্ত সুরক্ষায় ড্রোন, অ্যান্টিড্রোন ও মাইন ডিটেক্টর স্থাপনের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। সীমান্তে বিজিবির শক্ত ও স্বার্বভৌম অবস্থান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিরই বাস্তব প্রতিফলন।

মাহাদী আমিন বলেন, দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ।

তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং বিমানবন্দর ও ট্রেনে হাইস্পিড ফ্রি ওয়াইফাই চালুর মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করা হয়েছে। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন করে স্পোর্টস ও নতুন কুঁড়ি কার্যক্রমও শুরু হয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি পাসপোর্টে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকার আমলে বাদ দেওয়া হয়েছিল। জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিএনপি সরকার এই শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে।

মাহাদী আমিন বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে ৯০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ দিয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ইতোমধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, মহান জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনটি ছিল দেশের সংসদীয় ইতিহাসে একটি মাইলফলক। ২৫ কার্যদিবসের প্রাণবন্ত এই অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল অনন্য। এই সংসদে অত্যন্ত স্বল্প সময়ে রেকর্ডসংখ্যক ৯৪টি বিল পাস হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুততার সঙ্গে গঠন করা হয়েছে। সময়ের বিবেচনায় এটি এক অবিস্মরণীয় অর্জন।

তিনি বলনে, বাংলাদেশ ইতিহাসে প্রথমবার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীকে পরিবেশবান্ধব ও আধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২৫০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেট্রোরেলের নিচের অংশকে সবুজায়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার জন্য নার্সারিতে চারা উৎপাদন কার্যক্রমও চলমান রয়েছে। দেশজুড়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তা আজ থেকে এ সুবিধা কার্যকর হবে।

তিনি আরও বলেন, সারাদেশে বিদ্যমান ৫৩৮টি ফায়ার স্টেশন প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় নতুন করে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্র্নিমাণের কাজ চলছে। জরুরি সেবার জন্য ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন আর সঞ্চালনা করেন উপপ্রেসসচিব জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপপ্রেসসচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহদাৎ হোসেন স্বাধীন প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More