সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুজ্জামান। বুধবার (১২ আগস্ট) তাকে নিয়োগ দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে সৈয়দ মঈনুল হাসানের স্থলাভিষিক্ত হলেন তিনি।
গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখা থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সৈয়দ মঈনুল হাসানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মনিরুজ্জামান সওজের ১৮তম ব্যাচের কর্মকর্তা এবং পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, প্রকৌশলী মো. মনিরুজ্জামান তার শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) ও ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সারে থেকে এমএসসি ইন ব্রিজ ইঞ্জিনিয়ারিং পাস করেন।
এর আগে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি সড়ক ব্যবস্থাপনা বিষয়ক দেশি–বিদেশি বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের সড়ক–মহাসড়কের উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পারিবারিক জীবনে তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক। তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।