জনগণের দেয়া গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশ নতুন করে সাংবিধানিক ও অনাস্থার সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা করেন।
‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
শিশির মনির বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না হলে দেশ এক নতুন সাংবিধানিক জটিলতা এবং আস্থার সংকটে নিপতিত হবে। এই রায় বাস্তবায়ন না করা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
তিনি বলেন, জগতে কোথাও কি শুনেছেন গণঅভ্যুত্থান সংবিধান মেনে হয়? সংবিধান মেনে তো অভ্যুত্থান হয় না, এটি হয় সংবিধানের বাইরে থেকে। এখন এই রাজনৈতিক বিষয়টিকে আদালত সাবজেক্ট ম্যাটারে পরিণত করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১৯ তারিখ আদালত খুলবে। আমরা আশা করছি আদালত খোলার পর সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের প্রশ্নটি উত্থাপিত হবে। যদি বাংলাদেশের আদালত তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তবে এই ক্ষেত্রে তাদের উচিত সরকারের বিরুদ্ধে রায় দেওয়া।
শিশির মনির বলেন, নিয়ন্ত্রণহীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। আপনারা ওপর দিকে চেয়ে থুতু দিচ্ছেন, অপেক্ষা করেন, কয়দিন পর এই থুতু ঘুরে আপনাদের নিজেদের গায়েই পড়বে।
বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানএবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম।
এসএ