লেবাননের দক্ষিণ অঞ্চলে বেসামরিক জনবসতিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এই হামলায় লেবাননের টাইর ও মারজাইউন জেলার আবাসিক এলাকাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ–এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইচ্ছাকৃতভাবে বুর্জ আল–শেমালি, কাওসারিয়াত আল–রুজ, হাব্বুশ, মারাকেহ, সেলা, বুর্জ রাহাল, শ্রীফা, আস–সাওয়ানা এবং কাবরিখাসহ বিভিন্ন শহর ও গ্রামের জনবহুল এলাকায় এই বর্বরতা চালায়।
এর মধ্যে সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটেছে বুর্জ শেমালিতে। সেখানে দুই শিশু ও তিন নারীসহ ১৪ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। এছাড়া কাওথারিয়াত আল–রুজে ৫ জন নিহত ও ৬ জন আহত হন। হাব্বুশ এলাকায় দুই শিশুসহ ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে মারাকেহ–তে এক শিশুসহ ৬ জন এবং সেলা এলাকায় ২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম কেন্দ্র।
লেবাননের গণমাধ্যম আল–মানার ও আল–মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধ আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্থন থাকার কারণে বেসামরিক জনগণকে শাস্তি দিতেই দখলদার ইসরায়েলি বাহিনী এই ধারাবাহিক যুদ্ধাপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই তীব্র হামলার পর পুরো অঞ্চলে নতুন করে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।