ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে নিয়মিত অংশগ্রহণ ঘিরে সামাজিক মাধ্যম ও ফুটবল অঙ্গনে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। চারদিক থেকে আসা সমালোচনার মুখে অবশেষে নীরবতা ভাঙলেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোকার টেবিলে হাসিমুখে নিজের একটি ছবি পোস্ট করেছেন নেইমার জুনিয়র।
ক্যাপশন লিখেছেন, ‘জীবন একটা রসিকতা।’
কোপা সুদামেরিকানার রাউন্ড অব ১৬‘র প্লে–অফ ম্যাচে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে মাঠে নেমেছিল সান্তোস। সেই ম্যাচে ৪–১ গোলের বড় জয় পায় দল। কিন্তু দলের সঙ্গে সফর না করে সাও পাওলোতে ‘বিএসওপি উইন্টার’ পোকার টুর্নামেন্টে অংশ নেয়ায় সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন নেইমার।
তবে সান্তোস কোচ কুকা পুরো বিষয়টি স্পষ্ট করে নেইমারের পাশেই দাঁড়িয়েছেন।
সান্তোস কোচ বলেন, ‘বিশ্বকাপের পর নেইমারের কোনো ছুটি ছিল না এবং কয়েক দিন ধরে সে মাঠের বাইরে ছিল। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে রোববার শাপেকোয়েনসের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরবেন দলের অধিনায়ক।’
পোকার সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলার প্রতি আগ্রহী। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের আগের আসরেও অংশ নিয়েছিলেন তিনি। সে প্রতিযোগিতায় ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম স্থান অর্জন করেছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে ২–১ গোলের হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন নেইমার।
সেলেসাওদের হয়ে ১৩০ ম্যাচে সর্বোচ্চ ৮০টি গোল করা এই ফরোয়ার্ডের নজর এখন পুরোপুরি সান্তোস ক্লাবে। যেখানে আগামী ডিসেম্বর মাসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে।
এসএ