সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এই সাফল্যের পর স্বাভাবিকভাবেই সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনন্দন জানালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন রুমিন ফারহানা।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে ৮০ হাজার ৪৩৪টি ভোট পেলেও ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন জাতীয় রাজনীতির পরিচিত এই মুখ।