দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব, স্বীকার করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব, স্বীকার করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিলো বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের উভয় কক্ষে পরাজয় মেনে নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের ২৪৫ আসন এবং ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটের ৫৪টিতে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এখনও চলছে প্রতিনিধি পরিষদের ভোট গণনা।

বিশ্বকে শুল্কের হুমকি, কঠোর অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে গত দুই বছর যুক্তরাষ্ট্রের রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মধ্যবর্তী নির্বাচনে তার শাসন নীতির বিরুদ্ধে গণরায় দিলেন ভোটাররা। ভরাডুবি হলো ক্ষমতাশীন রিপাবলিকান পার্টির। আর ভূমিধ্বস বিজয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের দখল নিলো ডেমোক্র্যাটিক পার্টি।


টেক্সাস, আইওয়া, কানসাস, ওহাইও ও সাউথ ক্যারোলাইনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও বিশাল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়েছে ডেমোক্র্যাটিক পার্টি। পরাজয় মেনে ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব ছিলো বলে স্বীকার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে আমার কাজের সঙ্গে জনগণ একমত। তবে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, স্বল্পমেয়াদি পরিণতি তারা মেনে নিতে পারেনি। কিন্তু ইতিহাস এই যুদ্ধকে ইতিবাচকভাবে দেখবে এবং এর জন্য আমাকে মনে রাখা হবে।

২০২৭ সালের জানুয়ারিতে ডেমোক্রেটরা কংগ্রেসের উভয় কক্ষের দায়িত্ব নেয়ার পর বাকি দুই বছরের শাসনামলে হোয়াইট হাউজের ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। অর্থাৎ, ট্রাম্প প্রশাসন, তার পরিবার এবং ঘনিষ্ট সহযোগীদের কার্যকলাপ তদন্তে বিশাল ক্ষমতা পাবে বিরোধী দল। এছাড়া মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ নিয়োগ, বিচারপতি মনোনয়ন এবং বাজেটসংক্রান্ত প্রস্তাব রুখে দেয়ার ক্ষমতাও এখন ডেমোক্র্যাটদের হাতে।


এমন পরিস্থিতির মধ্যে নির্বাহী ক্ষমতা বহাল থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যা ব্যবহার করে কংগ্রেস থেকে পাঠানো বিলে ভেটো দিতে পারবেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের ভরাডুবির পর ডেমোক্র্যাটদের এ বিষয়ে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ট্রাম্প আরও বলেন, আমি তাদের সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয়, তারাও আমার সঙ্গে কাজ করতে চাইবেন। তা না হলে আমি তাদের সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই এমনটা চাইবেন না।

ট্রাম্পের ভেটো অতিক্রম করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট– উভয় কক্ষেই দুই–তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। কিন্তু ডেমোক্র্যাটদের জন্য তা অর্জন করা কঠিন হবে। এ অবস্থায় সামনের দুই বছর হোয়াইট হাউজ ও ডেমোক্র্যাটদের দর–কষাকষিতে ওয়াশিংটনের রাজনীতি ও অর্থনীতিতে অচলাবস্থা তৈরির শঙ্কা করছেন বিশ্লেষকরা।