দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (১৮ আগস্ট) বিকাল ৪টা পর্যন্ত।
সোমবার (১৭ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
ইসি কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের বৈধ প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। যদি কেউই প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হবে। সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা স্বাক্ষর করে ৩টি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন।’
‘বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক গণনা হবে। মোট ৩৪৯টি ব্যালটের বৈধ ভোট ও প্রার্থীদের পাওয়া ভোট সিইসি ঘোষণা করবেন। পরে সচিবালয়ে গেজেটের কার্যক্রম সম্পন্ন করা হবে।’
বিএনপি রাষ্ট্রপতি পদে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়নপত্র জমা দিয়েছে, যেখানে প্রস্তাবক হিসাবে রয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য আবদুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণা করে ২টি মনোনয়নপত্র পত্র জমা দিয়েছে।
দুটি মনোনয়নে প্রস্তাবক হিসাবে রয়েছেন ঢাকা–১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত আমীর শফিকুর রহমান, আর সমর্থক হয়েছেন নারায়ণগঞ্জ–৪ আসনের এমপি ও এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন।
এসএ