বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল। আগের আসরের হতাশা ভুলে নতুন উদ্যমে শিরোপার লড়াই শুরু করতে যাচ্ছে ইউরোপের এই শক্তিশালী দল। গ্রুপ ‘কে’–তে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর মুখোমুখি হবে তারা।
ফিফা র্যাঙ্কিং অনুযায়ী পর্তুগাল বেশ এগিয়ে আছে কঙ্গোর চেয়ে। তাই ফেভারিট হয়েই মাঠে নামছে তারা। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল একাদশ হতে পারে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে।
পর্তুগালের সম্ভাব্য একাদশে দলের হয়ে গোলবার সামলাবেন দিয়োগো কোস্তা। রক্ষণভাগে অভিজ্ঞ জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও ও নুনো মেন্দেস থাকবেন।
পর্তুগালের সবচেয়ে বড় শক্তি মাঝমাঠের খেলোয়াড়রা। এখানে থাকতে পারেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেস ত্রয়ী।
আক্রমণভাগে থাকছেন বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো এবং দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়েও গোলের ক্ষুধা হারাননি পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। তাই কঙ্গোর বিপক্ষে ম্যাচে সবার নজর থাকবে রোনালদোর দিকেই।
কাগজে–কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে সম্ভাব্য একাদশ বিবেচনায় ইউরোপের অন্যতম শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। আর সেই শক্তিশালী দলটির লক্ষ্য হবে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।
পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়োগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।