শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

‘যুদ্ধ শুরু হলো’— ট্রাম্পের হুমকির পর খামেনি’র বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘যুদ্ধ শুরু হলো’— ট্রাম্পের হুমকির পর খামেনি’র বার্তা

ইসরায়েল–ইরান সংঘাত ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া বার্তায় তিনি লিখেন ‘যুদ্ধ শুরু হলো।’

ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেট অনুবাদ অনুসারে, পোস্টটিতে বলা হয়েছে ‘মহান হায়দারের নামে, শুরু হলো যুদ্ধ।’

পোস্টটিতে একটি ছবি রয়েছে যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছেন, যার উপরে আকাশে আগুনের রেখা রয়েছে।

‘হায়দার’ হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা.)-এর আরেক নাম। ইরানসহ শিয়া মুসলিমরা তাকে প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.) উত্তরসূরি বলে মনে করেন।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি‘র এই বার্তাটি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‌‌‘আমরা ঠিক জানি সেই তথাকথিত ‘সুপ্রিম লিডার‘ (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ– আমরা তাকে বের করে (হত্যা !) আনবো না, অন্তত এখনই নয়।’

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’

এর কিছুক্ষণ আগে, আরেক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।’ পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট লিখেন, ‘আনকন্ডিশনাল সারেন্ডার!’ (নিঃশর্ত আত্মসমর্পণ!)

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।