২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা‘র হারের পর দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন।
টুর্নামেন্ট পরবর্তী আসরগুলো থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে এক পিটিশন চালু হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়।
ফাইনাল ম্যাচ শেষে ‘আর্জেন্টিনা আউট’ নামের একটি অনলাইন প্রচারণায় প্রায় ১৭০টি দেশের সমর্থকদের কাছ থেকে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি যাচাইকৃত স্বাক্ষর সংগ্রহ করা হয়। এই প্রচারণায় ভবিষ্যতে আর্জেন্টিনাকে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয় এবং যুক্তি দেয়া হয় যে, মাঠের ভেতর তাদের এ ধরনের আচরণ ফুটবলের নান্দনিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
তবে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে এর কড়া জবাব দিয়েছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
একটি পোস্টে তিনি লিখেন, ‘তোমার যদি শত্রু থাকে, তার মানে তুমি কোনো না কোনো সময়ে কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছিলে। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই।’
ইনস্টাগ্রামে দেয়া অন্য এক পোস্টে তিনি লিখেন, ‘আর্জেন্টিনার মূল সমস্যা হলো আমরা আলাদাভাবে নজর কাড়ি। আমাদের পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব, মানুষ আমাদের দেখে হিংসা করে এবং আমরা প্রায় সব কিছুতেই সেরা।’
হাভিয়ের মিলেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিও পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি নিজের শার্ট খুলে ভেতরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি দেখাচ্ছেন। ছবির সঙ্গে লেখা ছিল, ‘ভিভা আর্জেন্টিনা!’
এর আগে, আর্জেন্টিনা ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস স্বীকার করেন, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া স্পেন শিরোপা শতভাগ দাবিদার ছিল।
ইএসপিএন–কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্পেন তাদের দ্বিতীয় বিশ্বমুকুট পাওয়ার মতোই খেলেছে এবং তাদের হার নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া কোনো ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্বে‘ কান দিচ্ছে না আর্জেন্টিনা দল।
এসএ