মানবতাবিরোধী অপরাধে আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জুলাই গণ–আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ–আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা, নির্যাতন, উসকানি ও সহিংস কর্মকাণ্ড সংঘটিত হয়। এসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার মতো প্রাথমিক প্রমাণ তদন্তে পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবেদনটি এখন প্রসিকিউশন পর্যালোচনা করবে। প্রয়োজনীয় সংশোধন, তথ্য–উপাত্ত ও আইনগত দিক যাচাই–বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিন, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজন।

জুলাই গণ–আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনাগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এ মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়া হলো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More